বুধবার, ২০ জুলাই, ২০১৬


শিল্পের টানে একজন গুলজার হোসেন উজ্জ্বল



আমি মূলত গানের মানুষ নই।তবু একজন গানের শ্রোতা হিসেবে নিশ্চয় গান নিয়ে কিছু কথা বলা যায়। আর            সেটা যদি হয় রবীন্দ্র সংগীত, তাহলে এই বাণীপ্রধান গান নিয়ে কবিতার মানুষের কিছু কথা বলার অধিকার থাকতেই পারে । কবি রবীন্দ্রনাথের গান ভেতরে ধারণ না করে গাওয়া যায় না। এটা শুধু সুরের ব্যাকরণ জানলেও গাওয়া যায় না।বাণীর গহীন অতলে যেতে সক্ষম না হলে এইসব গভীর শিল্প নিয়ে খেলতে নামলে তা ছেলেখেলা হয়ে যেতে পারে।      শুনছিলাম প্রিয় গুলজার হোসেন উজ্জ্বল এর রবীন্দ্রনাথের গান নিয়ে নতুন একটি এ্যালবামের গান। "সুরের মেলা"    থেকে প্রকাশিত এ্যালবামটির নাম- "কী সুর বাজে"। পরিচিত দশটি গান দিয়ে সাজানো হয়েছে এই এ্যালবামটি।       সকালে ঘুম থেকে উঠেই রবীন্দ্রনাথের গান শুনতে আমার ভালো লাগে।মিঠে নরম সুর, গভীর কথামালা আর কেমন  যেন এক নির্মল পরিবেশের গন্ধে আমার দিন যাপনের কষ্টরা সরে যায়। সমকালীন জীবনের সাধ আর সাধ্যের          বিভেদে আমি যখন খুব ক্লান্ত হয়ে উঠি , তখন সকাল বেলার একটি রবীন্দ্র সংগীত আমার জন্য বহুদূর হেঁটে এসে এক    গ্লাস ঠান্ডা জল পান করাই শুধু নয়, জল পানের পরে শিরায় শিরায় সেই অনুভূতি চলে যাওয়ার মতোই শান্তি আসে।    তবে--, তবে সেই গানটি হতে হবে বাণী ও সুরে হৃদয়ে ধারণ করে একজন প্রকৃত শিল্পীর কণ্ঠে।নারী শিল্পীদের কণ্ঠে     অল্পকিছু রবীন্দ্র সংগীত ভালো লাগলেও কবির গান পুরুষ শিল্পীদের কণ্ঠেই আমার কাছে বেশি ভালো লাগে। তার      কারণ হতে পারে এসব গান মূলত পুরুষের অনুভূতি। যদিও অনেক গান রয়েছে যেখানে এই কথা টিকেনা। তবু জীবন আর জগতের নির্যাস নিয়ে কবি বাণী ও সুরের যে মালা গেঁথেছেন সেটা অনুভব করতে হলে গভীর ধ্যানমগ্ন পথ      পেরিয়ে আসতে হয়। শুধু শ্রবণ ইন্দ্রিয় থাকলেই এসব গান শোনা যায় না। পরিশীলিত মনন আর সাহিত্যের পাঠ        থাকাও কম জরুরী নয়।তাহলে এইসব বিষয় বিবেচনা করে এবার আসা যাক শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল এর     গানের কথামালায়। গুলজার হোসেন পেশায় একজন ডাক্তার। নেশায় একজন শিল্পী। শিল্পী মানে তিনি নানা মাত্রার শিল্প  চর্চা করা একজন মানুষ। গান ছাড়াও শিল্পের নানা বিষয়ে তার পদ চারণা রয়েছে।তিনি নিখুঁত                        অভিনয় করেন।কথা সাহিত্যে তার লেখার হাতকে আমার বেশ ভালো লাগে। মধ্যবিত্ত জীবন যাপনের নানা ঘাত        প্রতিঘাত থেকে উঠে আসা মানুষের সব রকম জীবন-অভিজ্ঞতা তিনি তার শিল্পে খুব সহজে ঢেলে দিতে পারেন            বলেইআমার মনে হয়েছে। শিল্পের জন্য প্রথম পাঠ হলো মানুষ। মানুষের পাঠ তিনি খুব ভালোই করেছেন বলা যায়।    
         
যে দশটি গান দিয়ে এ্যালবাম সাজানোঃ
১। আজ তোমারে দেখতে এলাম ২। প্রাণের মানুষ আছে প্রাণে ৩। কী সুর বাজে আমার প্রাণে ৪। স্বপন পারের ডাক এসেছে ৫ আমার এই পথ চাওয়াতেই আনন্দ ৬। চোখের আলোয় দেখেছিলাম ৭। যদি তারে না-ই চিনি ৮।অগ্নিবীণা বাজাও তুমি ৯। তুমি কোন কাননের ফুল ১০।ভূবনেশ্বর হে                                        

আজ সকালে আমার রবীন্দ্রনাথ এলেন শিল্পী গুলজার হোসেনের কণ্ঠে চেপে। গানের গ্রামার আমি ভালো বুঝি না, তবে কম পড়লে বুঝি। আর যেটা বুঝি সেটা হলো  কতোটা ভেতর থেকে আসছে এই স্বর। কতোটা ঋদ্ধ আর সত্য অনুভব। সেখানে বেশ ভালো করেছেন শিল্পী। তবে কোথাও কোথাও মনে হয়েছে তার গদ্য লেখার মতো প্রাঞ্জল না হয়ে কিছুটা ঘাটতি  খুব সরু রেখায় হলেও উঁকি দিয়েছে।এটা হতে পারে গানে আমার কম শিল্পবোধের কারণে। আর বেশি ভালো লেগেছে উচ্চারণের গাম্ভীর্য ভাবটা বজায় রাখার প্রয়াস। চঞ্চল মানুষ কবির গান গাইতে পারেনা। এখানে সদা গম্ভীর শিল্পী গুলজার হোসেনের জন্য কাজতা বোধ হয় সহজই হয়েছে। বাণীর ভেতরে গিয়ে, তার অর্থ কে মননে ধারণ করে গাইতে পেরেছেন শিল্পী। এখানেই আমার ভাললাগা উপচে পড়েছে। শুধু কণ্ঠ দিয়ে শিল্পী হওয়া যায় না। শিল্পের নান্দনিক পাঠ শিল্পীর থাকতে হয়। সাহিত্যে পদচারণার কল্যাণে সেটা ভালোই পেরেছেন 'কী সুর বাজে' এ্যালবামের শিল্পী।                                                                                                                                                    
কবিতা আর গানে পৃথক ভাবে আমাদের মনে অনুরণন হয়। কবিতায়ও গীতিধর্মিতা থাকে। তবে গানের গীতিময়তা আমাদের সহজে অনুপ্রাণিত করতে পারে। আজ সকালের গুলজার হোসেনের কণ্ঠের রবীন্দ্র সংগীত শুনে মনে হলো জঙ্গিরা কী এসব গান শোনে না? হয়তো নয়। এসব গান শুনলে আর বুঝলে, গ্রেনেডগুলি গোলাপ ফুল হয়ে যেতো। আমাদের আত্মকেন্দ্রিক আর স্বার্থকেন্দ্রিক জীবন আমাদের নিয়ে এসেছে এক অচেনা সময়ে। নিয়ে এসেছে এক অদ্ভুত কালচারে। আমাদের পরিবারগুলোতে শুধু টাকার চর্চা না হয়ে নান্দনিক শিল্পের এমন চর্চা  হলে আজ আমাদের এমন চেহারার দেশ দেখতে হতো না।  আপনারা যাকিছু করেছেন, তার ফল ভালো হয়নি। তাই শিল্পের ছায়ায় একবার এসে দেখুন। সুফল প্রতীক্ষমাণ ।  


      https://www.youtube.com/playlist...